ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০ নম্বর সদস্য হিসেবে নুসরাত তাবাসসুমের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে আজ মঙ্গলবার (৫ মে) গেজেট প্রকাশ করা হয়েছে।

সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের নির্দেশে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ হওয়ার পর সোমবার তাঁকে জয়ী ঘোষণা করা হয়েছিল এবং আজ কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক গেজেট জারি করা হলো।

এই আসনটি নিয়ে গত কয়েক দিনে ব্যাপক নাটকীয়তা তৈরি হয়। প্রথমে জামায়াত জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বিধিগত কারণে (চাকরি থেকে পদত্যাগের তিন বছর অতিবাহিত না হওয়া) বাতিল হয়। পরবর্তীতে নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে মনোনয়নপত্র জমা দিতে গেলে রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করেননি। নুসরাত আদালতের শরণাপন্ন হলে উচ্চ আদালত তাঁর মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই আদেশের পরিপ্রেক্ষিতেই ইসি তাঁকে বিজয়ী ঘোষণা করে।

অন্যদিকে, ইসি কর্তৃক মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছিলেন মনিরা শারমিন। তবে গতকাল সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ ওই রিট আবেদনটি শুনতে অপারগতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত রোববার রাতে সংরক্ষিত নারী আসনের বাকি ৪৯ জন সদস্য শপথ গ্রহণ করেছেন। আজ গেজেট প্রকাশের মাধ্যমে সংসদের সংরক্ষিত নারী আসনের সকল সদস্য নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হলো।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *