হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিথঙ্গল আখড়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে বাজারের একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গভীর রাতে হঠাৎ একটি রেস্টুরেন্টে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে মসজিদের মাইকে আগুন লাগার ঘোষণা দিলে আশপাশের গ্রামবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এরই মধ্যে রেস্টুরেন্টে থাকা গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হলে আগুন দ্রুত নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

আগুনের তীব্রতা এতোই বেশি ছিল যে ব্যবসায়ীরা কোনো মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ পাননি। আগুনে তিনটি মুদি দোকান, একটি ইলেকট্রনিক্সের দোকানসহ মোট সাতটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাঁদের প্রায় ৮০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। পরে স্থানীয়দের প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বানিয়াচং ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর তারা প্রস্তুতি নিলেও সড়ক পথে যাতায়াতের সুব্যবস্থা না থাকায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *