পশ্চিমবঙ্গের কয়েক দশকের রাজনৈতিক সমীকরণ বদলে দিয়ে আজ শনিবার (৯ মে) কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের যাত্রা শুরু হলো।
মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পর পর্যায়ক্রমে তাঁর মন্ত্রিসভার পাঁচজন গুরুত্বপূর্ণ সদস্য শপথ নেন।
তাঁরা হলেন:
১. দিলীপ ঘোষ
২. অগ্নিমিত্রা পাল
৩. অশোক কীর্তনিয়া
৪. নিশীথ প্রামাণিক
৫. ক্ষুদিরাম টুডু
শপথ অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নবগঠিত সরকারকে অভিনন্দন জানান। কেন্দ্রীয় নেতৃত্বের এই বিশাল উপস্থিতি পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক শক্তিশালী বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে পুরো কলকাতাজুড়ে ছিল সাজো সাজো রব। ব্রিগেডের মূল মঞ্চে স্থাপন করা হয়েছিল এক বিশাল দুর্গামূর্তি, যা বাংলার শক্তি ও ঐতিহ্যের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। এছাড়া মঞ্চজুড়ে ছিল বাংলার সংস্কৃতি ও মনীষীদের বিভিন্ন প্রতিকৃতি।
অনুষ্ঠানে আগত দর্শকদের জন্য মাঠজুড়েই ছিল বাঙালি খাবারের বিশেষ আয়োজন। ঝালমুড়ি, রসগোল্লা ও সন্দেশসহ বিভিন্ন খাবারের স্টলে ছিল মানুষের উপচে পড়া ভিড়। প্রথাগত রাজভবনের চার দেয়াল থেকে বেরিয়ে উন্মুক্ত ময়দানে এই শপথগ্রহণ অনুষ্ঠানকে ‘জনতার সরকার’ হিসেবে অভিহিত করেছে নবগঠিত বিজেপি সরকার।
শপথ শেষে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলার উন্নয়ন ও শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন।
