বাংলাদেশ ফুটবলে বইছে নতুন হাওয়া। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে যুক্তরাষ্ট্রের আলোচিত ফুটবলার সুলিভান ভাইদের। যমজ দুই ভাই রেনান ও ডেক্লান সুলিভানকে প্রাথমিকভাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় দলের জন্য বিবেচনা করছে বাফুফে।

রোববার (১ মার্চ) এক ভিডিওবার্তায় বাফুফে সহসভাপতি ফাহাদ করিম এই রোমাঞ্চকর তথ্য নিশ্চিত করেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ বা ১৫ মার্চ ঢাকায় পা রাখবেন এই দুই ফুটবল প্রতিভা।

যুক্তরাষ্ট্রের সুলিভান পরিবারকে বলা হয় ফুটবলার তৈরির কারখানা। এই পরিবারের বড় ছেলে কুইন সুলিভান খেলেন যুক্তরাষ্ট্র জাতীয় দলে। আরেক ভাই কাভান সুলিভানকে ধরা হচ্ছে বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ সুপারস্টার, যার ওপর বড় বিনিয়োগ করেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। তাদেরই ছোট দুই ভাই রেনান ও ডেক্লান এখন বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে মুখিয়ে আছেন।

ফাহাদ করিম জানান, দুই ভাইয়ের জন্মসনদসহ প্রয়োজনীয় সব দাপ্তরিক কাগজ সংগ্রহের কাজ শেষ হয়েছে। এখন শুধু নিউইয়র্কে বাংলাদেশ মিশনে পাসপোর্ট আবেদনের আনুষ্ঠানিকতা বাকি। তিনি বলেন:

“বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সক্রিয় নির্দেশনায় পুরো প্রক্রিয়াটি দ্রুত এগোচ্ছে। আশা করছি চলতি সপ্তাহেই আবেদন জমা হবে এবং দ্রুতই তারা পাসপোর্ট হাতে পাবেন।”

বাফুফের পরিকল্পনা হলো, এ বছর মালদ্বীপে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে এই দুই ভাইকে খেলানো। তাদের নানির পৈতৃক সূত্র ধরে তারা বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন। মা বাংলাদেশি হওয়ায় রেনান ও ডেক্লানের সামনে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও জার্মানি—এই তিন দেশের হয়েই খেলার সুযোগ ছিল, কিন্তু তারা বেছে নিয়েছেন লাল-সবুজের পতাকাকে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *