ভারতের সিকিমে ৪.৬ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে উত্তরবঙ্গসহ বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৬। সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাজধানী ঢাকা থেকে ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারতের সিকিম রাজ্যে। মাত্রা কম হওয়ায় বাংলাদেশে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫৫ মিনিটেও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছিল। ইউরোপীয়-মধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, বুধবার রাতের ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.১।
মিয়ানমারে ছিল বুধবারের কেন্দ্রস্থল গত রাতের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ মিয়ানমারের সাংগাই অঞ্চলের মনিওয়া শহর থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০১ কিলোমিটার। গতরাতের রেশ কাটতে না কাটতেই আজ দুপুরে আবারও সিকিমের কম্পন সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ সৃষ্টি করেছে।
