নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে দায়ের করা হত্যাসহ ১০টি মামলায় জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ রোববার (১০ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে এই আদেশ দেন। এর ফলে আইভীর কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।
আদালতে সেলিনা হায়াৎ আইভীর পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মো. মোতাহার হোসেন সাজু। তিনি জানান, বিভিন্ন সময়ে দায়ের করা ১০টি মামলায় উচ্চ আদালত আইভীকে জামিন দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষ সেই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছিল। আজ আপিল বিভাগ সেই আবেদন খারিজ করে দেওয়ায় জামিন বহাল থাকল।
উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোর ৩টার দিকে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজস্ব বাসভবন ‘চুনকা কুটির’ থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর তাঁর বিরুদ্ধে একে একে হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ায় গত ২৬ ফেব্রুয়ারি বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁকে ৫টি মামলায় জামিন দিয়েছিলেন। এর আগে আরও ৫টি মামলায় তিনি জামিন পেয়েছিলেন। আজ সবকটি মামলায় জামিন নিশ্চিত হওয়ায় তাঁর দীর্ঘ এক বছরের কারাভোগের অবসান হতে যাচ্ছে।
সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠিত হওয়ার পর তিনি টানা তিনবার বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন। নারায়ণগঞ্জের রাজনীতিতে তাঁর প্রভাবশালী অবস্থান এবং উন্নয়ন কর্মকাণ্ডের জন্য তিনি দেশজুড়ে পরিচিত।
