শেখ হাসিনা দেশে ফিরলে বিচারবহির্ভূত কিছু করা হবে না: উপদেষ্টা জাহেদ উর রহমান

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও ‘ইনসাফ’ বা ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরত আসেন, তবে তাঁর বিরুদ্ধে কোনো এক্সট্রা জুডিশিয়াল (বিচারবহির্ভূত) পদক্ষেপ নেওয়া হবে না।

আজ মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত সরকারের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এই মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে সরকারের গত তিন মাসের কর্মকাণ্ডের সামগ্রিক অগ্রগতি তুলে ধরেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সংবাদ সম্মেলনে রাজনৈতিক ও বিচারিক ইনসাফের প্রসঙ্গ টেনে উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, “একটা কথা খেয়াল রাখা দরকার, শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে হঠাতে চেয়েছি, কারণ তিনি ইনসাফ করেননি। পরবর্তী যে বাংলাদেশ তৈরি হয়েছে, সেটার প্রধান উদ্দেশ্য হচ্ছে ইনসাফ। শত্রুর প্রতিও আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনার প্রতিও আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি বাংলাদেশে আসেন, তাঁকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা করব না।”

সাবেক প্রধানমন্ত্রীর আইনি অধিকার ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার বিষয়ে তিনি আরও বলেন, “ওনার (শেখ হাসিনা) বিচার হবে, ওনাকে নিজেকে ডিফেন্ড (আত্মপক্ষ সমর্থন) করতে আইনি সুযোগ দেওয়া হবে। তাতে তাঁর মৃত্যুদণ্ডাদেশ থেকে যদি তিনি মুক্তি পান—টেকনিক্যালি বলছি—সেটা আমরা মানব, আর যদি না হয়, আইন অনুযায়ী যা সাজা হবে সেটাই কার্যকর হবে। এটাই হচ্ছে প্রকৃত ইনসাফ। কাউকে প্রপার (সঠিক) বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা এবং সেই অনুযায়ী রায় হওয়াটাই হচ্ছে ইনসাফ।”

সচিবালয়ের এই সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *