১২ মার্চ বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী ১২ মার্চ শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই প্রথম অধিবেশনে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জনস্বার্থে জারি করা বিভিন্ন জরুরি অধ্যাদেশগুলো এই অধিবেশনে আইনি প্রক্রিয়ায় উত্থাপন ও অনুমোদনের জন্য পেশ করা হবে।

সংসদ আহ্বান সংক্রান্ত সাংবিধানিক প্রক্রিয়ার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “অধিবেশন শুরুর জন্য প্রয়োজনীয় সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতির অনুমোদনের পর তাঁর নির্দেশক্রমেই ১২ মার্চ সংসদ অধিবেশন আহ্বান করা হবে।”

সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সংসদীয় কার্যক্রমের রূপরেখা নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *