আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান থাকবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য জাতীয় সংসদের দিকে তাকিয়ে আছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২২ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানান।
ইসি মাছউদ জানান, বর্তমান অধ্যাদেশের মাধ্যমে মেয়র পদে দলীয় মনোনয়নের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। তবে ১২ মার্চ জাতীয় সংসদের অধিবেশন শুরু হতে যাচ্ছে। তিনি বলেন, “সংসদ বসার পর এই বিল বা অধ্যাদেশ যদি পাস হয়, তবে সেভাবেই নির্বাচন হবে। আর যদি পরিবর্তন হয়ে আগের অবস্থায় ফিরে যায়, তবে প্রক্রিয়া ভিন্ন হবে। আমরা মূলত সংসদীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছি।”
সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রসঙ্গে কমিশনার জানান, এ প্রক্রিয়া ইতোমধ্যে কার্যকরভাবে শুরু হয়েছে। বিধি অনুযায়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।
তিনি আরও বলেন, “সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো যাদের মনোনীত করবে, তারাই নির্বাচিত হবেন। দলগুলো প্রাথমিক কাজ শুরু করেছে, কমিশন নির্ধারিত সময়ের মধ্যেই তফসিল ঘোষণা করবে।”
বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচনের সময়সীমা নিয়ে ইসি মাছউদ জানান, আগামী ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখের আগেই এই দুই আসনের ভোটগ্রহণ সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন।
