সম্প্রতি ব্যাংকক থেকে ফেরার পথে বিমানবন্দরে ১৪ বোতল মদসহ আটকের খবরটিকে পুরোপুরি মিথ্যা ও ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এবং এই সংকটময় সময়ে ভক্ত-অনুসারীদের সমর্থন কামনা করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি তথ্যে দাবি করা হয়, গত ১৭ আগস্ট ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মেহজাবীন চৌধুরী, তার স্বামী আদনান আল রাজীব এবং পরিচালক শঙ্খ দাসগুপ্তকে ১৪ বোতল অবৈধ মদসহ আটক করা হয়। ওই তথ্যে আরও বলা হয়, কাস্টমস কর্তৃপক্ষ বিষয়টি গোপন রেখে তাদের ছেড়ে দিয়েছে।
বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়ে মেহজাবীন লিখেছেন, ‘কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।’
ছড়িয়ে পড়া তথ্যগুলোকে প্রযুক্তির অপব্যবহার হিসেবে উল্লেখ করে তিনি লেখেন, ‘সাম্প্রতিক সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ‘এআই’ দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণেও আমার মতো অনেক আর্টিস্টকে প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে—যা একেবারেই কাম্য নয়। নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে, এর পেছনে কে বা কারা আছে, তা আমার জানা নেই।’
মেহজাবীন তার মানহানির এই অপচেষ্টার বিরুদ্ধে ভক্তদের সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন। ভিত্তিহীন খবরের ওপর বিশ্বাস না করে সত্যের পাশে থাকার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
