সংসদ ভবনে আসছেন নবনির্বাচিত এমপিরা
Election, Featured, Latest, News, Politics, Popular, Trending #BangladeshElection, #bangladeshmp, #BangladeshNews, #parliamentশপথ গ্রহণের জন্য সংসদ ভবন প্রাঙ্গণে আসতে শুরু করেছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে জাতীয় সংসদ ভবনের গেটে এমপিদের গাড়ি প্রবেশ করতে দেখা যায়। শপথ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ও আশপাশ এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচিত সদস্যদের জাতীয় পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যান চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে।
জাতীয় সংসদ সচিবালয়ের এক স্মারকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ১০টায় শপথগ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
এ ছাড়া বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দীর্ঘদিনের প্রথা ভেঙে এবার বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
নিয়ম অনুযায়ী, এমপিদের শপথের পর সংখ্যাগরিষ্ঠ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের সংসদীয় বোর্ড সভায় নেতা নির্বাচন করবে। পরে সেই নেতা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানাবেন। রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের মনোনয়ন দেবেন।
বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রায় ১,২০০ দেশি-বিদেশি অতিথি উপস্থিত থাকবেন। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
এ ছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নলিন্দা জয়তিসার এবং যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরবিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা উপস্থিত থাকতে পারেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
নির্বাচনের ফল অনুযায়ী, বিএনপি জোট ২১২টি এবং জামায়াত জোট ৭৭টি আসন পেয়েছে। দলভিত্তিকভাবে বিএনপি ২০৯টি, জামায়াত ৬৮টি, এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসন লাভ করেছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বিজেপি, খেলাফত মজলিস ও গণসংহতি আন্দোলন একটি করে আসনে জয় পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৭টি আসনে।
সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি ধানের শীষ প্রতীকে ৪৯.৯৭ শতাংশ ভোট পেয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া দল বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে ৩১.৭৬ শতাংশ ভোট অর্জন করেছে।
অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীকে ৩২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৩.০৫ শতাংশ ভোট পেয়েছে।
