মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে অন্তহীন লড়াইয়ের ঘোষণা দিয়ে দেশজুড়ে যৌথ ও সাঁড়াশি অভিযান চালানোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার (৩১ মে) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সারা দেশে মাদক, সন্ত্রাস, জুয়া এবং চাঁদাবাজি—এই চারটি অপরাধকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে মোকাবিলা করব। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সুপরিকল্পিত যৌথ ও সাঁড়াশি অভিযানের মাধ্যমে খুব দ্রুত এসব অপরাধের নেপথ্যে থাকা চক্রগুলোকে নির্মূল করা হবে।”
বিশেষ করে জঙ্গল সলিমপুরের মতো অপরাধের অভয়ারণ্য হিসেবে পরিচিত এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ দখলদার ও সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দিতে প্রশাসন আরও কঠোর ভূমিকা পালন করবে বলে জানান তিনি। দেশজুড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই সাঁড়াশি অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
