ত্রিশালে ২ শিশুকে অমানবিক নির্যাতন; প্রধান অভিযুক্ত মাসুম গাজীপুর থেকে গ্রেফতার

ময়মনসিংহের ত্রিশালে মোবাইল চুরির অপবাদ দিয়ে ৮ ও ৫ বছর বয়সী দুই শিশুকে অমানবিক নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত আব্দুল্লাহ আল মাসুমকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে গাজীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ২৭ মার্চ সকালে ত্রিশাল উপজেলার ধলা মধ্যপাড়া এলাকায় আরাফাত হোসেন (৮) ও মিহাদ হোসেন (৫) নামের দুই ভাইকে চুরির অপবাদে বাড়ি থেকে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। স্থানীয় একটি পুকুরপাড়ে নিয়ে তাদের বেধড়ক মারধর করা হয় এবং বারবার পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। একপর্যায়ে শিশুদের জোরপূর্বক ড্রেনের নোংরা ও ময়লাযুক্ত পানি পান করানো হয়।

নির্যাতনের এই পৈশাচিক দৃশ্য মোবাইল ফোনে ধারণ করা হয় এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি পুলিশের নজরে আসার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত অভিযান শুরু হয়। ভুক্তভোগী শিশুদের বাবা মাহাবুল আলম বাদী হয়ে মাসুমসহ ৫ জনের বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা দায়ের করেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানিয়েছেন, প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য ৪ আসামিকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। শিশুদের ওপর এমন পাশবিক নির্যাতনের ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *