রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট চরম আকার ধারণ করেছে। শনিবার (৪ এপ্রিল) সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও ভোর থেকেই পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। অনেক পাম্পে সরবরাহ না থাকায় যেসব পাম্পে তেল মিলছে, সেখানে উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
ভোর থেকে লাইনে দাঁড়িয়েও তেল পেতে গ্রাহকদের দেড় থেকে আড়াই ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে চাহিদা অনুযায়ী তেল না দেওয়ার অভিযোগ তুলেছেন গ্রাহকরা। মোটরসাইকেল আরোহী থেকে শুরু করে রাইড শেয়ারিং চালক—সবারই একই দশা। শিক্ষার্থী রফিক জানান, তেলের লাইনে দাঁড়িয়ে থাকায় তার ক্লাস মিস হচ্ছে। অন্যদিকে রাইডার সাজ্জাদ জানান, বাইকের তেল প্রায় শেষ হয়ে আসায় বাধ্য হয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে আছেন।
পাম্প কর্মীরা জানিয়েছেন, অধিকাংশ পাম্পে তেল না থাকায় সচল পাম্পগুলোতে চাপ কয়েক গুণ বেড়ে গেছে। পাম্পের এক কর্মী বলেন, “আগে আমাদের এখানে যে ভিড় হতো, এখন তার চেয়ে অনেক বেশি গ্রাহক আসছে। ফলে সেবা দিতে সময় লাগছে।”
জ্বালানি সংকট মোকাবিলায় ইতিমধ্যে সরকারি অফিসের সময় কমানো এবং সন্ধ্যার পর শপিং মল ও মার্কেট বন্ধ রাখার মতো কড়াকড়ি আরোপ করেছে সরকার। তবে তেলের পাম্পের এই দৃশ্য বলছে, সাধারণ মানুষের ভোগান্তি এখনো তুঙ্গে।
