২০০২ সালের পর দীর্ঘ ২৪ বছর কেটে গেলেও আর সোনালী ফিফা বিশ্বকাপ ট্রফিটা ছোঁয়া হয়নি ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল দল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। এমনকি বিশ্বকাপের সর্বশেষ আসরগুলোয় কোয়ার্টার ফাইনালের জুজু পার হতে পারেনি তারা, থেমে গেছে ওখানেই। তবে এবার আরও একবার হেক্সা বা ষষ্ঠ শিরোপা জয়ের বড় আশা নিয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে হতে যাওয়া বিশ্বকাপের ২৩তম আসরে খেলতে গেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকার মাটিতে অনুষ্ঠিতব্য এই মেগা টুর্নামেন্টে ব্রাজিল এবার ‘শীর্ষ ফেভারিট’ দল নয়; আর এই তকমা না থাকাকেই দলের জন্য বড় ধরনের কৌশলগত সুবিধা মনে করছেন তারকা মিডফিল্ডার ক্যাসেমিরো।
রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে পা রেখেছে সাম্বা বয়রা। তবে বিশ্ব ফুটবলের জুয়াড়ি ও বুকমেকাররা বর্তমান চ্যাম্পিয়নদের পাশাপাশি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন, ২০১৮ সালের বিশ্বজয়ী ফ্রান্স এবং শক্তিশালী ইংল্যান্ডের পেছনে রেখেছে ব্রাজিলকে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর ফিফার অফিশিয়াল মিডিয়া চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় এই মূল্যায়নকে ইতিবাচক হিসেবেই দেখিয়েছেন ক্যাসেমিরো। ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা মিডফিল্ডার বলেন, ‘আমরা সবচেয়ে বড় ফেবারিট নই। অবশ্যই আমরা ভালো অবস্থায় আছি। সম্ভবত এবার আমরা ফেভারিটের তালিকায় এক ধাপ পিছিয়ে আছি, কিন্তু আমরা সতর্ক ও সম্পূর্ণ প্রস্তুত আছি, আর চাপহীন থাকাটা সবসময়ই ভালো বিষয়। আমরা ভালো পারফর্ম করে একটি দুর্দান্ত বিশ্বকাপ উপহার দিতে চাই।’
বিশ্বকাপের বাছাইপর্বে সেলেসাওরা মাঠ ও মাঠের বাইরে বেশ কঠিন পরিস্থিতি পার করে এসেছে স্বীকার করে ৩৪ বছর বয়সী এই অভিজ্ঞ মিডফিল্ডার বলেন, বিশ্বকাপের প্রস্তুতি পর্বে ব্রাজিল একটি ‘কঠিন চক্র’ পার করেছে। গত বছর ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (CBF) নতুন কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের সাবেক সফল গুরু কার্লো আনচেলত্তিকে নিয়োগ দেয় এবং একই সঙ্গে নির্বাচিত হন নতুন সভাপতিও। এই পটপরিবর্তন নিয়ে ক্যাসেমিরো বলেন, ‘ম্যানেজার ও সভাপতি পরিবর্তন এবং অনেক অস্থিরতার কারণে এটি একটি কঠিন চক্র ছিল।’
তবে মাঠের অস্থিরতা কাটিয়ে আনচেলত্তির অধীনে ব্রাজিলের বর্তমান স্কোয়াড এখন দারুণ ভারসাম্যপূর্ণ বলে মনে করছেন ক্যাসেমিরো, ‘আমরা মাত্র এক বছর ধরে এই ম্যানেজারের সঙ্গে কাজ করছি। ফুটবলে তার অসাধারণ অভিজ্ঞতা রয়েছে, কিন্তু বাস্তবে আমরা আন্তর্জাতিক উইন্ডো মিলিয়ে একসঙ্গে মাত্র ৪০ দিন কাজ করেছি। তবুও আমার মনে হয় আমরা শক্ত অবস্থায় টুর্নামেন্টে প্রবেশ করব। আমাদের দলে মানসম্পন্ন এবং অভিজ্ঞ খেলোয়াড় আছে, আবার একই সাথে উদ্যমী ও তরুণ খেলোয়াড়ও আছে। এই প্রতিযোগিতার জন্য আমাদের দল খুব ভালো ভারসাম্যপূর্ণ।’
বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের সঙ্গী হয়েছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। কার্লো আনচেলত্তির দল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আগামী ১৪ জুন। এক নজরে দেখে নিন গ্রুপ পর্বে ব্রাজিলের ম্যাচের সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী):
- ১৪ জুন (ভোরে): ব্রাজিল বনাম মরক্কো (ভেন্যু: নিউজার্সি)
- ২০ জুন: ব্রাজিল বনাম হাইতি
- ২৫ জুন: ব্রাজিল বনাম স্কটল্যান্ড
দীর্ঘদিনের শিরোপা খরা কাটাতে তরুণ আর অভিজ্ঞদের এই সুন্দর সমন্বয়ে গড়া ব্রাজিলিয়ান স্কোয়াড কতদূর যেতে পারে, তা দেখতে মুখিয়ে আছে কোটি কোটি সেলেসাও সমর্থক।
