গাজীপুরের কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল তিনটার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ‘রাজধানী পরিবহন’-এর একটি বাসের পেছনের অংশে বিকেল তিনটার দিকে হঠাৎ আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন বাসের ভেতরের অংশে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় আধা ঘণ্টার টানা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইফতেখার চৌধুরী রায়হান জানান, ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তদন্ত শেষে আগুন লাগার কারণ জানা যাবে।
