দীর্ঘ ১৮ মাস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন শেষে পুনরায় নিজের কর্মস্থলে ফিরেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে অবস্থিত ‘ইউনূস সেন্টার’ কার্যালয়ে পৌঁছান তিনি।
দীর্ঘদিন পর নিজ প্রতিষ্ঠানে ফিরলে ড. ইউনূসকে এক আবেগঘন পরিবেশে বরণ করে নেন তাঁর দীর্ঘদিনের সহকর্মীরা। টেলিকম ভবনে পৌঁছানোর পর ইউনূস সেন্টারের কর্মকর্তারা তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানান।
ইউনূস সেন্টারে পৌঁছেই ড. ইউনূস গ্রামীণ পরিবারের বিভিন্ন সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। বৈঠকে বিগত সময়ের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং গ্রামীণ সংগঠনগুলোর ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম পুনরায় পুরোদমে শুরু করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন শেষে ড. ইউনূস বর্তমানে রাষ্ট্রীয় বাসভবন ‘যমুনা’য় অবস্থান করছেন। তবে চলতি মাসের শেষদিকে তিনি যমুনা ছেড়ে গুলশানে তাঁর নিজস্ব বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন।
