হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকির অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় অবস্থিত নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি শামীম ইকবাল।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ক্লিপ দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে শোনা যায়, জনৈক ব্যক্তি বাহুবল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে উদ্দেশ্য করে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করছেন এবং হুমকি দিয়ে বলছেন, “বাহুবলে চাকরি করতে হলে আমারে কইয়া করন লাগব।” অডিওটি ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়।
আটক হওয়ার মাত্র আধা ঘণ্টা আগে বেলা সাড়ে ১১টার দিকে গণমাধ্যমের সামনে নিজের অবস্থান পরিষ্কার করেন তুষার চৌধুরী। তিনি দাবি করেন, “আমি গত দুই মাসের মধ্যে ওসিকে ফোন দেইনি। মূলত আমার ম্যানেজারকে গালাগাল করার একটি অডিওকে ডিজিটাল কারসাজির মাধ্যমে এডিট করে কেউ ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।”
এই ঘটনায় মামলা হয়েছে কি না তা জানতে বাহুবল থানার ওসি, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ও জেলা পুলিশ সুপারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা কেউ ফোন রিসিভ করেননি।
