মুন্সীগঞ্জের শ্রীনগরে আওয়ামী লীগের দলীয় কার্যালয় চালুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেখানে তালা ঝুলিয়ে দিয়েছে এনসিপি নেতাকর্মীরা।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বীরতারা ইউনিয়নে এই ঘটনা ঘটে। এ সময় এনসিপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের রাজনীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বীরতারা ইউনিয়নে আওয়ামী লীগের একটি কার্যালয় পুনরায় চালুর একটি ৩৮ সেকেন্ডের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত ওই কার্যালয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে স্লোগান দেওয়া হচ্ছে। পুলিশ জানায়, স্লোগানদানকারী ব্যক্তির নাম সাব্বির, যিনি বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর আজ রোববার দুপুরে এনসিপির সিরাজদিখান প্রধান সমন্বয়ক মোহাম্মদ আলী নেওয়াজের নেতৃত্বে নেতাকর্মীরা ওই কার্যালয়ে গিয়ে পুনরায় তালা লাগিয়ে দেন। মোহাম্মদ আলী নেওয়াজ বলেন, “গতকাল কার্যালয়টি চালুর ভিডিও ভাইরাল হলে আমরা বিষয়টি প্রশাসনকে জানাই। তারা কিছু বাচ্চা নিয়ে স্লোগান দিয়ে এমনভাবে প্রচার করেছিল যেন তাদের প্রত্যাবর্তন হচ্ছে। ১৪শ খুনের বিচার হওয়ার আগে আমরা মুন্সীগঞ্জের মাটিতে তাদের কোনো আস্ফালন বরদাশত করব না।”
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, ভিডিওটি ঠিক কবের তা নিশ্চিত হওয়া না গেলেও বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তিনি বলেন, “যে ঘরটির কথা বলা হচ্ছে সেটি মূলত একটি শাটার লাগানো দোকান ঘর। ঘটনার মূল হোতা সাব্বির দীর্ঘদিন ধরেই পলাতক রয়েছেন।”
