২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে যে টানা-পোড়েন শুরু হয়েছিল, তার প্রভাব পড়েছে দুই দেশের ক্রীড়াঙ্গনেও। ২০২২ সালের পর ভারতীয় ক্রিকেট দল আর বাংলাদেশ সফরে আসেনি। স্থগিত থাকা ভারতের নির্ধারিত সাদা বলের দ্বিপক্ষীয় সিরিজটি চলতি ২০২৬ সালের সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনায় সেটি ঘিরে আবারও নতুন করে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, সাম্প্রতিক নতুন কূটনৈতিক জটিলতার কারণে আগামী মাসে ভারত সিরিজ আয়োজনের সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে।
গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর দলের কয়েকজন নেতা দিল্লি থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেন। বিষয়টিকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে নতুন করে তীব্র প্রতিক্রিয়া ও উত্তেজনা দেখা দিয়েছে, যা প্রত্যক্ষভাবে প্রভাব ফেলছে প্রস্তাবিত এই ক্রিকেট সিরিজে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, আগামী সেপ্টেম্বরে ভারতের দল এনে সিরিজ আয়োজন করা এখন পর্যন্ত বেশ কঠিন এক চ্যালেঞ্জ। নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক শীর্ষ কর্মকর্তা ক্রিকবাজ-কে জানান, “সাম্প্রতিক সব ঘটনাপ্রবাহের পর এখন আমি পুরো সিরিজটি নিয়ে যথেষ্ট সন্দিহান। ভারতের পক্ষ থেকে আমরা ইতিবাচক সাড়া পাব কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সত্যি বলতে, সিরিজটি নিশ্চিতকরণের প্রক্রিয়া ২৮ আগস্টের মধ্যেই চূড়ান্ত হওয়ার কথা ছিল। হাতে আর খুব বেশি দিন বাকি নেই।”
সিরিজের ভাগ্য নিয়ে তিনি আরও যোগ করেন, “বোর্ডের পক্ষ থেকে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা চালিয়েছি। কিন্তু বিদ্যমান পরিস্থিতি এখন আর কেবল আমাদের বা বোর্ডের নিয়ন্ত্রণে নেই। তবে ভারত বা বিসিসিআইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে না জানানো পর্যন্ত আমরা আশা ছাড়ছি না।”
উল্লেখ্য, বাংলাদেশে সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় দুই দেশের ক্রিকেট বোর্ডের যোগাযোগে ভাটা পড়েছিল। তবে চলতি বছরের শুরুতে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর বিসিবি সভাপতি তামিম ইকবালের উদ্যোগে বিসিসিআইয়ের সঙ্গে ইতিবাচক আলোচনা শুরু হয় এবং সেপ্টেম্বরের সিরিজ পুনর্নির্ধারণের সবুজ সংকেত মেলে। কিন্তু হঠাৎ করে দিল্লিতে অনুষ্ঠিত রাজনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি সেই ইতিবাচক সম্ভাবনাকে আবারও শঙ্কার মুখে ফেলে দিল।
