রাজধানীর পল্লবী থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১০ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ মঞ্জুর করেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি পরিচালনা করেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২১ জুলাই ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনার জেরে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত হন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। এর পরপরই তাঁর বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় হত্যাচেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন তাঁরই ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান। উল্লেখ্য, গাজী নজরুল ইসলাম যাকে তাঁর দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছেন, ওবায়দুর রহমান সম্পর্কে সেই নারীর মামা।

মামলার এজাহারে ওবায়দুর রহমান অভিযোগ করেন, সংসদ সদস্যের ‘অনৈতিক সম্পর্কের’ প্রতিবাদ করায় এবং ভিডিও ফাঁসের পেছনে তাঁর হাত রয়েছে—এমন সন্দেহে তাঁকে নির্মমভাবে মারধর ও হত্যাচেষ্টা করা হয়েছে।

উক্ত মামলায় সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ছাড়াও তাঁর চার সহযোগীকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন—আমিনুর রহমান, মাসুম বিল্লাহ, মোস্তাসিম বিল্লাহ ও রাকিবুল হাসান।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *