লোহিত সাগরে রক্তাক্ত হুতি হামলা ও ওমান উপসাগরে মার্কিন মিসাইল: উত্তপ্ত মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক জলপথ

লোহিত সাগর ও ওমান উপসাগরে ফের তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালিতে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতিদের এক বিধ্বংসী হামলায় চার নাবিকসহ মোট ছয়জন নিহত হয়েছেন। একই দিনে পৃথক এক অভিযানে ওমান উপসাগরে ইরানের বন্দরের দিকে যাত্রা করা একটি পানামাইন পতাকাবাহী কনটেইনার জাহাজে দুটি ‘হেলফায়ার’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে মার্কিন সামরিক বাহিনী।

বাব আল-মান্দেব প্রণালিতে প্রানঘাতী হুতি হামলা:

মঙ্গলবার লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালিতে মিসরের মালিকানাধীন ‘তিহামাহ’ নামক একটি ছোট পণ্যবাহী জাহাজে হুতিরা হামলা চলায়। ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় ও কোস্টগার্ড জানিয়েছে— এই হামলায় তিন পাকিস্তানি ও এক ইন্দোনেশীয় নাবিক নিহত হন। হামলার পরপরই জাহাজটি সাগরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

পরবর্তীতে ইয়েমেনের কোস্টগার্ড ও হুতিবিরোধী ‘ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স’ (এনআরএফ)-এর সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নিতে ঘটনাস্থলে পৌঁছালে হুতিরা তাদের ওপর পুনরায় আক্রমণ চালায়। এতে এনআরএফ-এর দুই উদ্ধারকারী সদস্য ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন আরও ১০ জন। ইয়েমেনি কর্মকর্তাদের তথ্য মতে, ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলায় এটিই প্রথম বড় ধরনের প্রাণহানির ঘটনা। পরে হুতিরা দাবি করে, তারা সৌদি সামরিক সরঞ্জাম বহনকারী একটি জাহাজে হামলা চালিয়েছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স হামলার শিকার জাহাজটি ‘তিহামাহ’ বলে নিশ্চিত করেছে।

ওমান উপসাগরে মার্কিনী মিসাইল আক্রমণ:

এদিকে লোহিত সাগরের এই সংঘর্ষের পাশাপাশি ওমান উপসাগরে পানামার পতাকাবাহী ‘ভেলা নোভা’ নামের একটি কনটেইনার জাহাজে মার্কিন বাহিনী দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজটি মার্কিন নৌ-অবরোধ লঙ্ঘন করে ইরানের একটি বন্দরের দিকে অগ্রসর হচ্ছিল। একাধিকবার সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও তা উপেক্ষা করায় স্টিয়ারিং ব্যবস্থা অচল করে দিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এপ্রিল মাসে ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ জারির পর এটি মার্কিন বাহিনীর ১২তম এবং জুলাই মাসে পুনর্বহালের পর ৩য় হামলার ঘটনা।

থমকে গেছে আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্য:

হুতি ও মার্কিনীদের পাল্টাপাল্টি এই আগ্রাসী তৎপরতার কারণে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল আশঙ্কাজনক হারে কমে গেছে। তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলার (Kpler)-এর হিসাব অনুযায়ী, অবরোধের আগে যেখানে দৈনিক গড়ে ৫০টি জাহাজ চলাচল করত, গত সপ্তাহে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৩২টিতে। অন্যদিকে কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক সময়ে দিনে ১৩০ থেকে ১৪০টি জাহাজ যাতায়াত করলেও সোমবার সেখান দিয়ে মাত্র ৬টি জাহাজ অতিক্রম করেছে, যা বিশ্ব বাণিজ্যে বড় ধরনের ধসের ইঙ্গিত দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *