এফএ কাপের কোয়ার্টার ফাইনালে অখ্যাত পোর্ট ভ্যালের বিপক্ষে শক্তির মহড়া দিল চেলসি। শনিবার (৪ এপ্রিল) স্টামফোর্ড ব্রিজে সফরকারীদের ৭-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকিট কাটল ব্লুরা। লিগ ওয়ানের দল পোর্ট ভ্যালে চমক দেখিয়ে শেষ আটে উঠলেও চেলসির বিধ্বংসী আক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের রক্ষণ।
পুরো ম্যাচে চেলসির আধিপত্য ছিল নিরঙ্কুশ। ৭৭ শতাংশ বল দখলে রেখে পোর্ট ভ্যালের গোলমুখে মোট ১৭টি শট নেয় চেলসি, যার ১১টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে ৫টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি সফরকারীরা।
ম্যাচের ৩ মিনিটেই জোরেল হাতোর গোলে লিড পায় চেলসি। ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জোয়াও পেদ্রো। বিরতির ঠিক আগে ৪৪ মিনিটে লরেন্স-গ্যাব্রিয়েলের আত্মঘাতী গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা।
দ্বিতীয়য়ার্ধেও গোলের নেশা কাটেনি চেলসির। তশিন আদারাবিও, আন্দ্রে সান্তোস ও বিস্ময় বালক এস্তেভাও একে একে জালে বল জড়ান। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে কফিনে শেষ পেরেকটি ঠোকেন বদলি নামা আর্জেন্টাইন তারকা আলেহান্দ্রো গারনাচো।
সিটির বড় জয়:–
দিনের অন্য কোয়ার্টার ফাইনালে হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। আর্লিং হলান্ডের দুর্দান্ত হ্যাটট্রিক এবং আন্তোনিও সেমেনিওর গোলে সেমিফাইনাল নিশ্চিত করেছে পেপ গার্দিওলার দল।
