স্প্যানিশ লা লিগায় শিরোপা পুনরুদ্ধারের অভিযানে বড় অঘটনের শিকার হয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার (৪ এপ্রিল) রাতে অবনমনের শঙ্কায় থাকা মায়োর্কার বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হেরে মাঠ ছেড়েছে লস ব্লাঙ্কোসরা। এই হারের ফলে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে পড়ল রিয়াল।
ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখালেও রিয়ালের রক্ষণভাগের ভুলে ৪২তম মিনিটে মানু মর্লানেসের গোলে এগিয়ে যায় মায়োর্কা। বিরতির পর ভিনিসিউস, বেলিংহ্যাম ও চোট কাটিয়ে ফেরা এদের মিলিতাওকে মাঠে নামিয়ে আক্রমণের ধার বাড়ান আরবেলোয়া। দীর্ঘ বিরতির পর ফিরে ৮৮তম মিনিটে কর্নার থেকে দুর্দান্ত হেডে রিয়ালকে সমতায় ফেরান মিলিতাও।
তবে সেই আনন্দ টেকেনি বেশিক্ষণ। যোগ করা সময়ের প্রথম মিনিটে (৯১ মিনিট) ভেদাত মুরিকির নিখুঁত ফিনিশিংয়ে জয় নিশ্চিত করে মায়োর্কা। রিয়াল ১৫টি শট নিলেও লক্ষ্যভেদে ব্যর্থতা এবং রক্ষণের নড়বড়ে অবস্থা তাদের ডুবিয়েছে।
এই পরাজয়ে ৩০ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানেই রইল রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। অন্যদিকে, রিয়ালকে হারিয়ে ৩১ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চল থেকে ১৭ নম্বরে উঠে এসেছে মায়োর্কা।
