রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় শুরু হওয়া জাতীয় স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকটি দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলার পর শেষ হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক শেষে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলকে শক্তিশালী করতে দ্রুততম সময়ে কাউন্সিলের দিকে যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তবে সাংগঠনিক প্রস্তুতি ও সময়ের স্বল্পতার কারণে আগামী কোরবানির ঈদের আগে কাউন্সিল করা সম্ভব নয়। কাউন্সিল সম্পন্ন করতে আরও কয়েক মাস সময় লাগবে বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকে বর্তমান সরকারের গত ৪৭ দিনের গৃহীত কার্যক্রমের বিস্তারিত বিবরণ স্থায়ী কমিটির সদস্যদের সামনে তুলে ধরা হয়। বর্তমানের জ্বালানি পরিস্থিতি এবং দেশের সামগ্রিক অবস্থা মোকাবিলায় সরকারের পদক্ষেপগুলো নিয়ে নীতিনির্ধারকদের পরামর্শ নেওয়া হয়েছে।
মির্জা ফখরুল জানান, দলের দৈনন্দিন কার্যক্রম সচল রাখা এবং নেতা-কর্মীদের আরও চাঙা করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তবে সংরক্ষিত নারী আসন নিয়ে আজকের বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে তিনি পরিষ্কার জানিয়েছেন।
