সিদ্ধিরগঞ্জে বন্ধ পোশাক কারখানার ভেতর নিরাপত্তাকর্মীর রহস্যজনক মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বন্ধ পোশাক কারখানার ভেতর থেকে মো. জসিম উদ্দিন (৪২) নামে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় কান্দাপাড়া এলাকার ‘টিএফ ফ্যাশন’ নামের কারখানা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জসিম উদ্দিন কুমিল্লা জেলার মুরাদনগর থানার মৃত আবদু মিয়ার ছেলে। তিনি ওই কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কারখানার প্রধান ফটকে দীর্ঘক্ষণ কড়া নাড়লেও ভেতর থেকে জসিম গেট না খোলায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এসময় মশারির ভেতর থেকে জসিমের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ধারণা করছে, শুক্রবার রাত থেকে শনিবার দুপুরের মধ্যে যেকোনো সময় তার মৃত্যু হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *