দীর্ঘ ১৮ মাস তালাবদ্ধ থাকার পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলা সদরের চৌরঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল ৬টার দিকে মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ আহম্মেদ ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কয়েকজন অনুসারীকে নিয়ে দলীয় কার্যালয়ে আসেন। তারা কার্যালয়ের সামনে দুটি জাতীয় পতাকা ও একটি দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় তাদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়।
পরে তারা কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, “আজ থেকে আওয়ামী লীগের কার্যালয় খোলা থাকবে।”
পতাকা উত্তোলন ও কার্যালয়ে প্রবেশের ছবি এবং ভিডিও ছাত্রলীগের সংশ্লিষ্ট নেতাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হলে তা দ্রুত ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, সাইনবোর্ডের পাশে পাইপে পতাকা টাঙিয়ে উল্লাস করছেন ৩-৪ জন তরুণ। ৫ আগস্টের পর আওয়ামী লীগের কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ায় এই ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের বিষয়টি তিনি অবগত হয়েছেন। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে সারাদেশে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। পরবর্তীতে দলটির কার্যক্রমের ওপর বিভিন্ন বিধিনিষেধ আসায় দীর্ঘ দেড় বছর ধরে মুকসুদপুর উপজেলা কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।
