প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় চীনের জোরালো সমর্থনের বিষয়টি গুরুত্ব পায়।
দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট আলোচনা সাক্ষাৎ শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তিনি বলেন, “বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় চীনের সব ধরনের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে।” দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও সুসংহত করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
চীনা প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তা বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির গণমাধ্যমকে জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশেষ শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিতেই এই সৌজন্য সাক্ষাৎ। তিনি আরও উল্লেখ করেন, উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশের অবকাঠামো ও জ্বালানি খাতে চীনের বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহায়তা অব্যাহত রাখার বিষয়ে রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর উন্নয়ন সহযোগী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার যে ধারা শুরু করেছেন, এই বৈঠককে তারই অংশ হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
