ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তৎপরতা নিয়ে তীব্র ক্ষোভ ও প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে ট্যাগ করে দেওয়া ওই পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন,
“হাসনাত আব্দুল্লাহ কই? লীগ তো দোকান খোলা শুরু করছে। নির্বাচন তো হইলো, এইবার সংস্কার আর বিচার হইব্বে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল পোস্টটি দেওয়ার মুহূর্তের মধ্যেই তা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ১ লাখ ১০ হাজারের বেশি লাইক পড়েছে। এছাড়া মন্তব্য জমা হয়েছে প্রায় সাড়ে ৬ হাজার এবং শেয়ার হয়েছে ৮ শতাধিক। নেটিজেনদের বড় একটি অংশ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানাচ্ছেন।
খুনিদের বিচারের হুঁশিয়ারি মূল পোস্টের নিচে করা এক মন্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও লিখেছেন, “২৪ এর হত্যাকাণ্ড ও শহীদ ওসমানের খুনিদের বিচার কিন্তু আমরা করেই ছাড়বো।” তাঁর এই বক্তব্য থেকে স্পষ্ট যে, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার যেকোনো চেষ্টাকে রাজপথে প্রতিহত করার প্রস্তুতি নিচ্ছে এনসিপি।
প্রেক্ষাপট সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা এবং পতাকা উত্তোলনের মতো ঘটনা সংবাদমাধ্যমে উঠে আসছে। এর প্রেক্ষিতেই বিপ্লবী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর এই পোস্ট রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, নির্বাচনের পর ঝিমিয়ে পড়া সংস্কার প্রক্রিয়া এবং বিচার কার্যক্রমের দাবিতে পুনরায় সরব হচ্ছে গণঅভ্যুত্থানের পক্ষশক্তি।
