পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনা করাই আমাদের প্রধান উদ্দেশ্য। সেই লক্ষ্যেই পুলিশে এই নতুন নিয়োগ প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন শুরু হবে।”
বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্সগুলো পুনরায় যাচাই-বাছাই করার ঘোষণা দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, “যাদের লাইসেন্স দেওয়া হয়েছে, তারা আসলে যোগ্য কি না তা দেখা হবে। বিশেষ করে রাজনৈতিক উদ্দেশ্যে যেসব লাইসেন্স দেওয়া হয়েছে, সেগুলো বাতিল করা হবে। একইসঙ্গে ওই লাইসেন্সের অধীনে থাকা অস্ত্রগুলোও বাজেয়াপ্ত হবে।”
অবৈধ অস্ত্র উদ্ধার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী এক চাঞ্চল্যকর তথ্য দিয়ে বলেন, “আমার জানা মতে, এখনো ১০ হাজারের বেশি অস্ত্র উদ্ধার হয়নি। এই অস্ত্রগুলো এখন সম্পূর্ণ অবৈধ। এগুলো উদ্ধারে যথাযথ প্রক্রিয়ায় অভিযান চালানো হবে এবং প্রয়োজনে মামলা করা হবে।”
তিনি আরও স্পষ্ট করেন যে, বৈধ প্রক্রিয়ার বাইরে থাকা যেকোনো অস্ত্র জননিরাপত্তার জন্য হুমকি এবং সরকার এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে।
