বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কিত ও ট্র্যাজিক অধ্যায়। এই মর্মন্তুদ ঘটনা এবার সেলুলয়েডের পর্দায় নিয়ে আসছেন জনপ্রিয় নির্মাতা খিজির হায়াত খান। রোববার (২৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
খিজির হায়াত খান জানান, সিনেমাটির চিত্রনাট্য লেখার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এমন এক সময়ে তিনি এই ঘোষণা দিলেন, যখন নবনির্বাচিত প্রধানমন্ত্রী পিলখানা ট্র্যাজেডির পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন।
ফেসবুক পোস্টে নির্মাতা লিখেছেন, “দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী পিলখানা নিয়ে পুনঃতদন্তের নির্দেশ দিলেন। আমারও তখন পিলখানা নিয়ে চিত্রনাট্য লেখা শেষ হলো। আশা করি, সিনেমাটির নির্মাণ শেষ হলে দেশের মানুষকে দেখাতে কোনো বাধার সম্মুখীন হতে হবে না। আমরা শুধু আমাদের আপনজনদের হত্যার সঠিক ও সুষ্ঠু বিচার দেখতে চাই এবং তাঁদের ওপর হওয়া অত্যাচারগুলো শিল্পের মাধ্যমে তুলে ধরতে চাই।”
এর আগে ‘জাগো’, ‘মিস্টার বাংলাদেশ’ ও ‘ওরা ৭ জন’-এর মতো দেশাত্মবোধক ও বাস্তবধর্মী সিনেমা নির্মাণ করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। পিলখানা নিয়ে তাঁর এই নতুন প্রজেক্টটি ঢাকাই সিনেমার জন্য একটি বড় কাজ হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে এক বর্বরোচিত বিদ্রোহ ও হত্যাকাণ্ড সংঘটিত হয়। এতে তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন মেধাবী সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়। সব মিলিয়ে ওই ঘটনায় ৭৪ জনের প্রাণহানি ঘটে।
সিনেমাটিতে কারা অভিনয় করবেন বা এর নাম কী রাখা হবে—সে বিষয়ে এখনই বিস্তারিত প্রকাশ করেননি নির্মাতা। ধারণা করা হচ্ছে, শিগগিরই বড় কোনো আয়োজনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
