গজারিয়ায় মণের ওপর পরিযায়ী পাখি শিকার; অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে দণ্ড

মুন্সীগঞ্জের গজারিয়ায় চরাঞ্চল ও মেঘনা নদী তীরবর্তী এলাকায় মণের ওপর পরিযায়ী (অতিথি) পাখি শিকারের দায়ে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ছয়জনকে অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার মাথাভাঙ্গা ঈদগাহ এলাকায় ক্ষুব্ধ গ্রামবাসী তাদের অবরুদ্ধ করার পর এই আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে একটি প্রাইভেটকারে করে আসা ছয় ব্যক্তি ট্রলার নিয়ে সারাদিন মেঘনা নদীর বিভিন্ন চরাঞ্চলে পাখি শিকার করেন। সন্ধ্যায় ফেরার পথে তাদের কাছে সাত বস্তা মৃত পরিযায়ী পাখি দেখে গ্রামবাসী তাদের আটকে রাখে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩টি শটগান, ১টি এয়ারগান এবং ৬৩ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ মৃত পাখি জব্দ করে।

দণ্ডপ্রাপ্তরা হলেন – লেফটেন্যান্ট কর্নেল (অব.) আ স ম হাদিউল ইসলাম ভূঁইয়া (৮১), আবরার উদ্দিন আহমেদ (৭০), হাজি ওসমান আলী (৭৭), মাজহারুল হক কোরেশী (৭০), আব্দুল্লাহ নূর (৭২) ও আরিক আহমেদ (২৭)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে ১ লাখ টাকা এবং বাকি ৫ জনের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অভিযুক্তদের বয়স ও শারীরিক অবস্থা বিবেচনা করে কারাদণ্ড দেওয়া হয়নি, তবে ভবিষ্যতে এমন কাজ না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *