ঢাকা শহরের দীর্ঘস্থায়ী যানজট সমস্যা নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে বিশ্বমানের আধুনিক রূপ দিতে উচ্চপর্যায়ের একটি বিশেষ সভায় সভাপতিত্ব করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধানমন্ত্রী ঢাকার বর্তমান ট্রাফিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি দীর্ঘমেয়াদী সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিশেষ নির্দেশনা প্রদান করেন। ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা এবং গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর বিষয়গুলো সভায় গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
প্রধানমন্ত্রী বলেন, রাজধানীবাসীকে যানজটমুক্ত শহর উপহার দেওয়া বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। ডিজিটাল ট্রাফিক ব্যবস্থার মাধ্যমে সময় ও অর্থের অপচয় কমিয়ে নাগরিক জীবন আরও সহজতর করতে তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
