কোরবানির ঈদকে সামনে রেখে যশোরের অভয়নগরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে ১৩০০ কেজি ওজনের এক বিশাল ষাঁড়। মাথার সামনের চুলের বিশেষ স্টাইল অনেকটা ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের মতো হওয়ায় শখ করে এর নাম রাখা হয়েছে ‘নেইমার’। বিশালাকৃতির এই ষাঁড়টিকে এক নজর দেখতে প্রতিদিন ডাঙ্গামশিহাটি গ্রামের খামারি দেবু পাড়ের বাড়িতে ভিড় জমাচ্ছেন শত শত মানুষ।
যশোর সরকারি এমএম কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করা তরুণ উদ্যোক্তা দেবু পাড়ে তিন বছর ধরে পরম যত্নে বড় করেছেন ফেলেক্স ভি জাতের এই ষাঁড়টি। ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই পশুটি স্বভাবে শান্ত হওয়ায় খামারের আশেপাশে দড়ি ছাড়াই ঘুরে বেড়াতে দেখা যায়। দেবু জানান, ষাঁড়টিকে বড় করতে এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় ৮ লাখ টাকা। আসন্ন কোরবানির হাটে এর দাম ১২ লাখ টাকা প্রত্যাশা করছেন তিনি।
খাবারের তালিকায় ভুষি, খৈল ও কাঁচা ঘাসের পাশাপাশি নেইমারকে প্রতিদিন তিনবার গোসল করানো হয়। এই পরিচর্যায় দেবুকে সার্বক্ষণিক সহায়তা করেন তার মা ইতি পাড়ে। যশোরের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, এ বছর জেলায় ১ লাখ ১৭ হাজার কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে এই ‘নেইমার’ অন্যতম বড় আকর্ষণ।
