জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মর্তুজার রাজনৈতিক ক্যারিয়ার ও বিগত নির্বাচনগুলোর বিতর্কিত জয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার (১৪ মে) নিজের ফেসবুক পেজে মাশরাফীকে সম্বোধন করে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
সারজিস আলম তার পোস্টে ২০১৮ সালের নির্বাচনের পরিসংখ্যান তুলে ধরে লেখেন, নড়াইল-২ আসনে সেবার প্রায় ৮৮ শতাংশ ভোট পড়েছিল, যার মধ্যে মাশরাফী পেয়েছিলেন ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছিলেন মাত্র ৭ হাজার ৮৮৩ ভোট। এই অস্বাভাবিক ফলাফলকে ‘স্যার ডন ব্র্যাডম্যান’ মার্কা রেকর্ড হিসেবে আখ্যায়িত করে সারজিস লেখেন, “যেদিন আপনি এই রেকর্ড ভোট নিয়ে হাসিমুখে এমপি হয়েছিলেন, নড়াইল ও নিজের বাইরে নিজের কবর আপনি সেদিন নিজেই খুঁড়েছিলেন ভাই।”
পোস্টে মাশরাফীর ২০২৪ সালের নির্বাচনে অংশগ্রহণ এবং হুইপ পদ গ্রহণের সমালোচনা করে সারজিস আরও বলেন, সারাজীবন ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে মাশরাফী যখন নিজেই ‘ভোট ফিক্সিং’-এর লোভে পড়েছিলেন, সেদিনই ‘নড়াইল এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়েছিল। পোস্টের শেষে তিনি ‘স্যরি, ভাই’ লিখে আক্ষেপ প্রকাশ করেন।
