বাগেরহাটের চিতলমারী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার চিংগড়িয়া এলাকায় ‘বিশ্বাস’ ও ‘শেখ’ বংশের মধ্যে প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে ২০ থেকে ৩০টি বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
নিহত যুবকের নাম রাজীব শেখ (২৮), তিনি স্থানীয় ফারুক শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে রূপ নেয়। রাত ৯টা পর্যন্ত টানা চলা এই হামলায় রাজীব শেখ গুরুতর আহত হয়ে মারা যান।
সংঘর্ষ চলাকালে হামলাকারীরা প্রতিপক্ষের অন্তত ৩০টি বসতঘরে আগুন দেয় এবং ঘরের মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে রাত ১০টার দিকে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, “অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় একজন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এই সহিংসতার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
