নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও খুন: ধরা পড়ল মূল হোতা নুরা

নরসিংদীর মাধবদীতে কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি নুরা ও তার সহযোগী হযরত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর ও ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

নরসিংদীর পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল্লাহ আল ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলা পুলিশের একটি বিশেষ দল গাজীপুরের মাওনা এলাকায় অভিযান চালিয়ে মামলার মূল হোতা নুরাকে গ্রেপ্তার করে। একই রাতে অপর একটি দল ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে মামলার অন্য আসামি হযরত আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মাধবদীতে সম্প্রতি এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও নৃসংশভাবে হত্যার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর থেকেই পলাতক আসামিদের ধরতে সাঁড়াশি অভিযানে নামে পুলিশ। প্রধান আসামি নুরা ও হযরত আলীকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এ মামলায় এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো।

পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক জানান, এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত বাকিদেরও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *