১০ মার্চ ফ্যামিলি কার্ডের উদ্বোধন; প্রথমবারের মতো সরকারি সফরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে বড় পদক্ষেপ নিচ্ছে সরকার। আগামী ১০ মার্চ প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু হতে যাচ্ছে। এই যুগান্তকারী প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করতে ওইদিন বগুড়া সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই হবে বগুড়ায় তার প্রথম সরকারি সফর।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শিবগঞ্জের ঐতিহাসিক মহাস্থানগড় শাহ সুলতান বলখীর (রহ.) মাজারে জুমার নামাজ আদায়ের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই তথ্য নিশ্চিত করেন।

সরকারের এই কর্মসূচির আওতায় প্রতিটি ফ্যামিলি কার্ডধারী পরিবার মাসে ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি আর্থিক সহায়তা পাবে। দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এই সুবিধার মূল লক্ষ্য। পরিবারের একজন নারী সদস্য কার্ডধারী হিসেবে নিবন্ধিত হবেন। প্রাথমিকভাবে চার মাসব্যাপী এই পাইলটিং কার্যক্রম চলবে এবং পরবর্তীতে এটি পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় সম্প্রসারণ করা হবে।

প্রতিমন্ত্রী জানান, পরীক্ষামূলক কার্যক্রমের জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকে নির্বাচন করা হয়েছে। ইতোমধ্যে মাঠপর্যায়ে প্রকৃত সুফলভোগী পরিবার বাছাইয়ের কাজ শুরু হয়েছে। কর্মসূচিটি সফল করতে জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে আলাদা জেলা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও তদারকি কমিটি গঠন করা হয়েছে।

তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে বগুড়ায় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, “ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী বগুড়ায় আসবেন। এটি হবে সরকার প্রধান হিসেবে তার প্রথম বগুড়া সফর।”

মাজার জিয়ারত ও নামাজ শেষে প্রতিমন্ত্রী স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *