চট্টগ্রাম নগরের সাগরিকা বিটাক বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে আকাশ দাশ (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বিটাক বাজার মোড়ের একটি কারখানার সামনে এই নৃশংস ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আকাশ তার কর্মস্থলে যাচ্ছিলেন। কারখানার সামনে পৌঁছালে তিনি দেখতে পান তার সহকর্মী মাইকেলের সঙ্গে স্থানীয় ফকিরবাড়ির রাতুল, ইমন, মহসিন ও নাজমুলসহ কয়েকজন বাগবিতণ্ডায় লিপ্ত। আকাশ তার সহকর্মীকে বাঁচাতে এগিয়ে গেলে সন্ত্রাসীরা তার ওপর চড়াও হয়।
আকাশের ভাই সাগর দাশ জানান, দুর্বৃত্তরা প্রথমে আকাশের মাথায় হেলমেট দিয়ে প্রচণ্ড আঘাত করে। তিনি মাটিতে পড়ে গেলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে সহকর্মী ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আল আমিন হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কয়েক মাস আগে স্থানীয় ওই সন্ত্রাসী চক্রটি কারখানার সাধারণ শ্রমিকদের কাছে চাঁদা দাবি করেছিল। সে সময় আকাশ দলবল নিয়ে এর প্রতিবাদ করেন এবং তাদের চাঁদা নিতে বাধা দেন। সেই থেকেই চক্রটি আকাশের ওপর ক্ষুব্ধ ছিল। এছাড়া আরও বেশ কিছু স্থানীয় বিষয়ে তাদের সঙ্গে আকাশের বিরোধ চলছিল বলে জানা গেছে।
পাহাড়তলী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) খাদিজা জানান, মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
