মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনের আহ্বান জানানোর পাশাপাশি এক চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছেন উগান্ডার সামরিক বাহিনীর প্রধান এবং দেশটির প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির ছেলে জেনারেল মুহুজি কাইনেরুগাবা। তিনি জানিয়েছেন, ইসরায়েল যদি কোনোভাবে পরাজয় বা ধ্বংসের মুখে পড়ে, তবে তাদের রক্ষায় সরাসরি যুদ্ধে যোগ দেবে উগান্ডা।
বুধবার (২৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কাইনেরুগাবা বলেন, “আমরা চাই মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখনই শেষ হোক। বিশ্ব এই সংঘাত নিয়ে ক্লান্ত। কিন্তু ইসরায়েলকে ধ্বংস বা পরাজিত করার কোনো আলোচনা হলে আমরা ইসরায়েলের পক্ষ নিয়ে যুদ্ধে অবতীর্ণ হব।”
কাইনেরুগাবা সম্প্রতি আরও আলোচনায় এসেছেন ১৯৭৬ সালে উগান্ডার এন্টেবে বিমানবন্দরে জিম্মি উদ্ধার অভিযানে নিহত ইসরায়েলি কমান্ডো ইয়োনাতান ইয়োনি নেতানিয়াহুর সম্মানে একটি ভাস্কর্য নির্মাণের ঘোষণা দিয়ে। উল্লেখ্য, এই কমান্ডো ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই ছিলেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা এবং এর পাল্টা প্রতিক্রিয়ায় আঞ্চলিক উত্তেজনা তুঙ্গে রয়েছে। বিশেষ করে ফেব্রুয়ারির শেষ থেকে দুই দেশের মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। এই সংঘাতের প্রভাবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা বিরাজ করছে। এমন অস্থিতিশীল ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে উগান্ডার এই শীর্ষ সামরিক কর্মকর্তার মন্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।
