লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর অগ্রযাত্রা রুখে দিয়ে বড় ধরনের সাফল্যের দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের তাইবেহ-কানতারা অক্ষে এক জটিল ও সুপরিকল্পিত অতর্কিত হামলায় ইসরায়েলের ১০টি অত্যাধুনিক ‘মারকাভা’ ট্যাংক এবং দুটি ডি-৯ বুলডোজার ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ তথ্য প্রকাশ করেছে।
হিজবুল্লাহর এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার ইসরায়েলি বাহিনী কানতারা শহরের অবস্থান পর্যবেক্ষণের জন্য একটি দূরনিয়ন্ত্রিত বুলডোজার পাঠিয়েছিল। হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে প্রলুব্ধ করার জন্য যানটিকে বাধা না দিয়ে পর্যবেক্ষণ করতে থাকে। বুধবার যখন ইসরায়েলি একটি বড় সাঁজোয়া ইউনিট কানতারা দখলের জন্য কলাম আকারে এগিয়ে আসে, তখনই শুরু হয় হিজবুল্লাহর গাইডেড মিসাইল হামলা।
বিবৃতি অনুসারে, প্রথম দফায় চারটি মারকাভা ট্যাংক এবং একটি ডি-৯ বুলডোজার ধ্বংস হয়। এরপর হতাহতদের সরিয়ে নিতে আসা অতিরিক্ত ইসরায়েলি সেনাদলের ওপরও হিজবুল্লাহর আর্টিলারি ইউনিটগুলো অতর্কিত হামলা চালায়। পৃথক আরও একটি অভিযানে কানতারা অঞ্চলে দুটি মারকাভা ট্যাংক ও একটি বুলডোজার ধ্বংস হয়। হিজবুল্লাহ দাবি করেছে, গত ৪৮ ঘণ্টায় তারা মোট ১৮টি ইসরায়েলি ট্যাংক ধ্বংস করতে সক্ষম হয়েছে।
বর্তমানে ওই এলাকায় ইসরায়েলি সেনাদের অগ্রযাত্রা পুরোপুরি স্থবির হয়ে পড়েছে এবং বেঁচে থাকা সেনারা পিছু হটেছে বলে দাবি করেছে সংগঠনটি।
