ঢাকা আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই অধিবেশনেই নির্ধারিত হবে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। তবে সবার নজর এখন ডেপুটি স্পিকার পদের দিকে; যেখানে তিন হেভিওয়েট নেতার নাম নিয়ে বইছে আলোচনার ঝড়।
ডেপুটি স্পিকার হওয়ার দৌড়ে বর্তমানে সবচেয়ে জোরালোভাবে আলোচিত হচ্ছে ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নাম। বিএনপির দীর্ঘদিনের বিশ্বস্ত জোটসঙ্গী হিসেবে মন্ত্রিসভায় তাঁর স্থান পাওয়া নিয়ে গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তিনি সেখানে জায়গা পাননি। দলীয় সূত্র বলছে, মন্ত্রিসভায় না থাকলেও সংসদীয় গুরুত্বপূর্ণ এই পদে তাঁকে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।
তালিকায় আরও দুই অভিজ্ঞ রাজনীতিবিদের নাম শোনা যাচ্ছে:
১. ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন: নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট এই আইনজীবী দলীয় রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী ও গ্রহণযোগ্য মুখ।
২. এবিএম আশরাফ উদ্দিন নিজান: লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য। পরিচ্ছন্ন ভাবমূর্তির এই নেতাকে নিয়েও দলের ভেতরে ও বাইরে ইতিবাচক আলোচনা রয়েছে।
সূত্রমতে, আলোচিত এই তিন নেতার নামই বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত কে এই সম্মানজনক চেয়ারে বসবেন, তার চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মন্ত্রিসভায় স্থান না পাওয়া এই ক্লিন ইমেজের নেতাদের মধ্যে থেকেই একজনকে সংসদের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে।
১২ মার্চ অধিবেশন শুরুর পর ভোটের মাধ্যমেই পরিষ্কার হবে—কার মাথায় উঠছে ত্রয়োদশ সংসদের ডেপুটি স্পিকারের মুকুট।
