পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদলের মধ্যেই পদত্যাগ করলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে তার পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ উল্লেখ করেছেন।
গতকাল মঙ্গলবারই পুলিশ বাহিনীর শীর্ষ পদে পরিবর্তন আনে সরকার। নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পান আলী হোসেন ফকির। আইজিপি হিসেবে তার নিয়োগ পাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মাথায় ডিএমপি কমিশনারের এই পদত্যাগ পুলিশ প্রশাসনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
২০২৪ সালের ২০ নভেম্বর দুই বছর মেয়াদে ডিএমপি কমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন শেখ মো. সাজ্জাত আলী। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ২১ নভেম্বর পর্যন্ত তার এই পদে থাকার কথা ছিল। অর্থাৎ মেয়াদের প্রায় ৯ মাস আগেই তিনি স্বেচ্ছায় সরে দাঁড়ালেন।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশাসন ও পুলিশের বিভিন্ন স্তরে ব্যাপক সংস্কার ও রদবদল চলছে। গত কয়েকদিন ধরেই সচিবালয় ও পুলিশ সদর দপ্তরে গুঞ্জন ছিল যে, ডিএমপির শীর্ষ পদে নতুন কোনো মুখ দেখা যেতে পারে। এমন গুঞ্জনের মধ্যেই সাজ্জাত আলীর পদত্যাগ সেই সম্ভাবনাকে আরও জোরালো করল।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন আইজিপি নিয়োগের পর পুলিশ বাহিনীর কর্মপরিকল্পনায় নতুন কোনো কৌশল আসার আগেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। এখন রাজধানীর গুরুত্বপূর্ণ এই পদে কে স্থলাভিষিক্ত হন, সেদিকেই সবার নজর।
