প্রশাসনের আশ্বাসে সিলেটে পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহার; সচল হচ্ছে সরবরাহ

সিলেট মহানগর পুলিশ কমিশনারের আশ্বাসের প্রেক্ষিতে অনির্দিষ্টকালের ধর্মঘট থেকে সরে এসেছেন সিলেট বিভাগের পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন মালিকরা। বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে এক বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের এই ঘোষণা দেওয়া হয়।

বুধবার দুপুরে অতিরিক্ত জ্বালানি মজুতের অভিযোগে সিলেটে ছয়টি পেট্রোল পাম্পে বড় অঙ্কের জরিমানা আদায় করে জেলা প্রশাসন ও র‍্যাব। এর প্রতিবাদে এবং পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ ও পুলিশের নজরদারিকে ‘হয়রানি’ দাবি করে রাত থেকে ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন। ধর্মঘটের শুরুতে মালিকরা সিলেট-ঢাকা মহাসড়কের চন্ডিপুল এলাকায় সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত ২টার দিকে সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে মালিকদের অভিযোগগুলো গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেওয়া হলে তারা কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। পুলিশ কমিশনার জানান, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে এবং উত্থাপিত বিষয়গুলো খতিয়ে দেখা হবে।

সংগঠনটির সভাপতি জুবায়ের আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ জানান, প্রশাসনের কঠোর নজরদারি ও ঘন ঘন হিসাব নেওয়ার কারণে পাম্প পরিচালনা করা তাদের জন্য অসম্ভব হয়ে পড়েছিল। তবে পুলিশ কমিশনারের আশ্বাসে জনভোগান্তির কথা বিবেচনা করে তারা পাম্প সচল করার সিদ্ধান্ত নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *