ইরানের রাজধানী তেহরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর এক ভয়াবহ বিমান হামলায় দেশটির প্রভাবশালী নীতিনির্ধারক এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খাররাজি গুরুতর আহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ইরানের বার্তা সংস্থা মেহের নিউজের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
প্রতিবেদনে বলা হয়েছে, কামাল খাররাজির নিজ বাসভবন লক্ষ্য করে এই সুনির্দিষ্ট হামলা চালানো হয়। হামলায় তার স্ত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় খাররাজিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। উল্লেখ্য, কামাল খাররাজি বর্তমানে ইরানের ‘স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনস’-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ উপদেষ্টা ছিলেন।
ইরান সরকারের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে টানা বিমান হামলা চালিয়ে যাচ্ছে। গত কয়েক সপ্তাহের এই অভিযানে আলী খামেনিসহ এখন পর্যন্ত ১ হাজার ৩৪০ জনেরও বেশি ইরানি নাগরিক প্রাণ হারিয়েছেন। আলী খামেনির মৃত্যুর পর নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দায়িত্ব নিলেও সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানও ইসরায়েল, জর্ডান ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন ও মিসাইল হামলা অব্যাহত রেখেছে। এই পাল্টাপাল্টি হামলার প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এখন খাদের কিনারে। সামরিক ক্ষয়ক্ষতির পাশাপাশি বিশ্ববাজার, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বিমান চলাচলেও এর মারাত্মক নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।
