সিলেট বিভাগে সব ধরনের পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাত থেকে এই ধর্মঘট শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী।
বুধবার দুপুরে সিলেট নগরের ‘এ অ্যান্ড এ অ্যাসোসিয়েটস’ নামের একটি পেট্রোল পাম্পে অতিরিক্ত জ্বালানি মজুত রাখার অভিযোগে জেলা প্রশাসন ও র্যাবের যৌথ অভিযানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযানের প্রতিবাদে এবং পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ ও ডিপোতে বিজিবি মোতায়েনের মতো সরকারি সিদ্ধান্তের বিরোধিতায় এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
জুবায়ের আহমদ চৌধুরী অভিযোগ করেন, “মোবাইল কোর্টের নামে প্রতিদিন পাম্পগুলোতে হয়রানি ও চাঁদাবাজি করা হচ্ছে। একদিকে চাহিদামতো তেল পাওয়া যাচ্ছে না, অন্যদিকে প্রশাসনের অসহযোগিতা ও কড়াকড়ির কারণে ব্যবসা করা অসম্ভব হয়ে পড়েছে।”
হঠাৎ করে ধর্মঘট শুরু হওয়ায় চরম বিপাকে পড়েছেন সিলেট থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকের চালকরা। স্থানীয় সিএনজি ও মোটরসাইকেল চালকরাও তেল না পেয়ে ভোগান্তিতে পড়েছেন। অনেক পাম্প বন্ধ থাকায় যানবাহন চলাচল সীমিত হয়ে আসার আশঙ্কা দেখা দিয়েছে।
