সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে পর্যটন সেবায় নিয়োজিত ‘মাছরাঙা’ নামক একটি হাউজবোটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আনোয়ারপুর বাজার সংলগ্ন রক্তি নদীতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের দ্রুত পদক্ষেপে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে বোটটি।
হাউজবোটের মালিক মো. মনিরুজ্জামান জানান, ঘটনার সময় বোটের ভেতরে জেনারেটর চালিয়ে মেরামতের কাজ চলছিল। ধারণা করা হচ্ছে, জেনারেটরের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তেই আগুন বোটের স্টাফ রুম ও পেছনের অংশে ছড়িয়ে পড়ে। এতে বোটের আসবাবপত্র, বিছানা, জেনারেটরসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে।
আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী হাফিজুর রহমান জানান, হঠাৎ হাউজবোটের মাঝামাঝি অংশ থেকে কালো ধোঁয়া বের হতে দেখে বাজারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা বালতি নিয়ে রক্তি নদীর পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। বাজারে থাকা কয়েকশ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শী বাবুল মিয়া বলেন, “বোটের ভেতরে তখন কাজ চলছিল। আগুন লাগার পর সবাই মিলে পানি দিয়ে সেটি নেভাতে সক্ষম হই, নতুবা পুরো বোটটি পুড়ে ছাই হয়ে যেত।”
ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে হাউজবোটটির কয়েক লাখ টাকার সমপরিমাণ ক্ষতি হয়েছে। মালিকপক্ষের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা ছাড়িয়ে যাবে। তবে কোনো পর্যটক তখন বোটে না থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
পুলিশের বক্তব্য তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, “খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে জেনারেটর থেকেই আগুনের সূত্রপাত। স্থানীয় জনতার সাহসিকতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে হাউজবোটটি রক্ষা পেয়েছে।”
