নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের গাড়িবহরে গুলিবর্ষণ ও হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা সংসদ সদস্যকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং বেশ কিছু গাড়ি ভাঙচুর করে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আব্দুল হান্নান মাসউদ তার নেতাকর্মীদের নিয়ে প্রকল্প বাজার এলাকা অতিক্রম করছিলেন। এসময় অতর্কিতভাবে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একদল সন্ত্রাসী হামলা চালায়। হামলাকারীরা গাড়িবহর লক্ষ্য করে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটায় এবং এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এতে সংসদ সদস্যের বহরে থাকা অন্তত ১০টি মোটরসাইকেল ও কয়েকটি গাড়ি দুমড়ে-মুচড়ে যায়।
হামলা থেকে অল্পের জন্য রক্ষা পাওয়া আব্দুল হান্নান মাসউদ অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগের বেলাল মাঝি ও আব্দুর রহমানের নেতৃত্বে বিএনপির কিছু চিহ্নিত কর্মী একত্রিত হয়ে আমাদের ওপর এই বর্বরোচিত হামলা চালিয়েছে। তারা ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে আমাদের ৫ জনেরও বেশি নেতাকর্মীকে অবরুদ্ধ করে রাখে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, পুলিশের উপস্থিতিতে এই হামলা চললেও তারা কোনো ব্যবস্থা নিতে পারেনি।”
হামলার ঘটনার পর বিচারের দাবিতে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ ও তার কয়েক শ নেতাকর্মী স্থানীয় প্রকল্প বাজার সড়কের ওপর বসে পড়েন। এর ফলে পুরো এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল ও আশপাশে থমথমে অবস্থা বিরাজ করছে, যা পুরো এলাকাকে রণক্ষেত্রে পরিণত করেছে।
এ বিষয়ে নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, হামলার খবর পাওয়ার পরপরই সেখানে অতিরিক্ত পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
