মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে। ইরানের ছয়টি শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব দিয়েছে তেহরান। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অন্তত একজন নিহত হয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।
আবুধাবিতে নিহতের ঘটনা ও আমিরাতের প্রতিক্রিয়া প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় আবুধাবিতে ধ্বংসাবশেষ পড়ে এশীয় বংশোদ্ভূত এক ব্যক্তি নিহত হয়েছেন। এই হামলাকে জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই চরম উত্তেজনা বৃদ্ধির যথাযথ জবাব দেওয়ার পূর্ণ অধিকার আমিরাতের রয়েছে।
এর আগে শনিবার রাত ৯টার দিকে ইরানের রাজধানী তেহরানসহ অন্তত ছয়টি গুরুত্বপূর্ণ শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জানা গেছে, একটি ক্ষেপণাস্ত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দপ্তরের কাছাকাছি এলাকায় আঘাত হানে। তবে হামলার আগেই খামেনিকে গোপন ও ‘নিরাপদ স্থানে’ সরিয়ে নেওয়া হয়েছে বলে অসমর্থিত সূত্রে জানা গেছে।
নিজেদের ভূখণ্ডে হামলার ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টা আঘাত শুরু করেছে ইরান। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরানি বাহিনী।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি থেকে জেনেভায় ইরানের পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ আলোচনা চলছিল। কিন্তু শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কোনো ধরনের সমঝোতা চুক্তি ছাড়াই সেই সংলাপ শেষ হয়। এর মাত্র ২৪ ঘণ্টা পার হতে না হতেই ইরানে এই ভয়াবহ হামলা শুরু করল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
