জাতীয় নির্বাচনের পরপরই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে। বিএনপি এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও দুই সিটিতেই মেয়র প্রার্থী হিসেবে একাধিক নেতার নাম আলোচনায় আসছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বিএনপির মেয়র প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। ত্যাগী ও রাজপথের নেতা হিসেবে দলীয় নেতাকর্মীদের মাঝে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। এ ছাড়া আলোচনায় আছেন বর্তমান প্রশাসক আবদুস সালাম, বর্তমান সরকারের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
ইশরাক হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেও দল তাকে মন্ত্রিসভা থেকে সিটি নির্বাচনে পাঠাবে কি না, তা নিয়ে গুঞ্জন রয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বরাবরের মতোই আলোচনায় এগিয়ে রয়েছেন গত দুইবারের প্রার্থী তাবিথ আউয়াল। তবে তার বাবা আব্দুল আউয়াল মিন্টু বর্তমানে সরকারের পরিবেশ ও বন মন্ত্রী হওয়ায় একই পরিবার থেকে দুজনকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। উত্তরের দৌড়ে আরও রয়েছেন ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম এবং বর্তমান প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
শুধু বিএনপি নয়, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) প্রার্থী নিয়ে দলীয় ফোরামে বিশ্লেষণ শুরু করেছে। এদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ জানিয়েছেন, রমজানের পরপরই সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং দলীয় প্রতীকে নির্বাচন হবে কি না, তা সংসদে সিদ্ধান্ত হবে।
